আশুলিয়ায় হত্যা মামলায় তিনজনসহ গ্রেফতারকৃত ১০ জনকে আদালতে প্রেরণ
সাভার প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার তিন আসামিসহ ১০ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। রবিবার দুপুরে আশুলিয়া থানা থেকে প্রিজনভ্যানে করে তাদের ঢাকার আদালতে পাঠানো হয়।
এর আগে রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। গ্রেফতারকৃতরা হলো- মো. ফিরোজ মিয়া, ফজা মিয়া, মো. হাসান, আজম মোল্লা, দেলোয়ার হোসেন ওরফে কফিল (৫০), ফারুক হোসেন (৪৫), মানিক মিয়া (২৬), আমিরুল ইসলাম (৩০), আব্বাস আলী (৪৩) ও হাসান মিয়া (২২)।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারের করা মামলায় এজাহারভুক্ত তিন আসামিসহ অন্যান্য মামলায় আরও সাতজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মামলায় এজাহারভুক্ত বাকি আসামিদের গ্রেফতারে কাজ করছে পুলিশের একাধিক দল।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ছাত্র-জনতা হত্যা মামলার তিন আসামিসহ সাতজনকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে সকল আসামি এবং অপরাধীদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।
