ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জাম চুরি
অনলাইন ডেস্ক
বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে পৌঁছানোর আগেই চুরির শিকার হয়েছে ইংল্যান্ড ফুটবল দল। ঠিক কী কী সরঞ্জাম চুরি হয়েছে তা খতিয়ে দেখছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অনুশীলনের জন্য ব্যবহৃত বল, বুটসহ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি হয়ে থাকতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, দলের সরঞ্জাম বহনকারী কয়েকটি গাড়ি কানসাস সিটির সোয়োপ সকার ভিলেজ প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়ার পথে ভেঙে ফেলা হয় এবং সেখান থেকেই চুরির ঘটনা ঘটে।
আজ শনিবার বিকেলে কানসাস সিটিতে পৌঁছানোর কথা রয়েছে ইংল্যান্ড কোচ থমাস টুখেল এবং তার খেলোয়াড়দের। তাদের আগমনের আগেই সব সরঞ্জাম প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল।
গতকাল শুক্রবার রাতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে এফএর সঙ্গে যোগাযোগ রেখে বিষয়টি তদন্ত করছে।
আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড।
