ইইউ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে অংশীদারি ও সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইইউ। বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি গতকাল সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী গত ৫০ বছরে তাঁর দেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিদ্যমান সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার এ সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে। প্রধানমন্ত্রী ইবিএ’র অধীনে অব্যাহত সমর্থনের জন্য ইইউকে ধন্যবাদ জানান এবং গ্লোবাল গেটওয়ে কর্মসূচির আওতায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে আরও সহযোগিতা কামনা করেন।

এ সময় হোয়াইটলি বলেন, ‘গ্লোবাল গেটওয়ে সুবিধার আওতায় পরিবেশ, সুশাসন, নবায়নযোগ্য জ্বালানি, পরিবহনসহ বিভিন্ন খাতে বাংলাদেশ বিদ্যমান যে সুবিধা পাচ্ছে তা আগামী দিনে আরও জোরদার হবে। ইইউ রাষ্ট্রদূত অস্ত্র ছাড়া সবকিছু (ইবিএ) সুবিধার আওতায় বাংলাদেশকে দেওয়া সুযোগসুবিধা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা দেওয়ারও অঙ্গীকার করেন।

এ সময় অ্যাম্বাসাডর অ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights