ইউক্রেনে পারমাণবিক হামলার ভুয়া সতর্কবার্তা, সাইবার হামলায় আতঙ্ক
অনলাইন ডেস্ক
ইউক্রেনের জাতীয় জরুরি সতর্কবার্তা ব্যবস্থার মোবাইল অ্যাপে সাইবার হামলা চালিয়ে রাজধানী কিয়েভে সম্ভাব্য পারমাণবিক হামলার ভুয়া সতর্কবার্তা পাঠিয়েছে অজ্ঞাতপরিচয় হ্যাকাররা।
রবিবার স্থানীয় সময় রাত ১১টার কিছু আগে এসব সতর্কবার্তা আসতে শুরু করে। এতে আতঙ্কিত হয়ে পড়েন অনেক বাসিন্দা।
অ্যাপটিতে উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানানো হয়। পাশাপাশি কিয়েভে রাসায়নিক হামলা এবং সড়কে সড়কে সংঘর্ষের ভুয়া সতর্কবার্তাও পাঠানো হয়। ইউক্রেনীয় ভাষার পাশাপাশি ইংরেজিতেও বার্তাগুলো পাঠানো হয়েছিল। ইংরেজি বার্তাগুলোতে বানান ভুল ছিল।
অনেকে অ্যাপটি হ্যাক হয়েছে ধারণা করে সতর্কবার্তাগুলো উপেক্ষা করেন। তবে কেউ কেউ আতঙ্কিত হয়ে পড়েন।
নিনা নামের এক নারী বলেন, “আমি কিছুক্ষণের জন্য ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। বিছানায় শুয়ে ভাবছিলাম, সামনে কী ঘটতে যাচ্ছে।”
রুশ ভাষায় পাঠানো একটি বার্তায় দাবি করা হয়, ইউক্রেনে ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা হতে যাচ্ছে। পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এর আগে তিনবার হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভ অঞ্চল ছাড়াও দনিপ্রো ও লভিভ শহরে হামলায় অস্ত্রটি ব্যবহার করা হয়েছে।
রবিবার এক বিবৃতিতে ইউক্রেনের জরুরি সতর্কবার্তা অ্যাপ কর্তৃপক্ষ জানায়, ‘অননুমোদিত পক্ষ’ তাদের কার্যক্রমে হস্তক্ষেপ করেছে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে অ্যাপটির একটি চ্যানেল স্থগিত করা হয়েছে। পাশাপাশি সন্দেহজনক বিজ্ঞপ্তিতে থাকা কোনও লিংকে ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়।
সোমবার পর্যন্ত হামলার পেছনে কারা রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে রাশিয়ার কর্মকর্তারাও দাবি করেছেন, মস্কোভিত্তিক জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের অ্যাপ হ্যাক করে সেখানেও ভুয়া সতর্কবার্তা পাঠানো হয়েছে।
রুশ টেলিগ্রাম চ্যানেল মাশ জানিয়েছে, হিটকোর নামের একটি হ্যাকার গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
এদিকে ভুয়া পারমাণবিক হামলার সতর্কবার্তার মধ্যেই ছয় দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে আবারও হামলা শুরু করেছে রাশিয়া। খেরসনের সামরিক প্রশাসন জানিয়েছে, সকাল ৭টা ৪০ মিনিটে রুশ ড্রোনের আঘাতে একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় কেউ হতাহত হননি।
মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির সময় রুশ বাহিনী অধিকৃত ওলেশকিতে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে বলে প্রমাণ পাওয়া গেছে।
স্কাই নিউজের হাতে আসা ভিডিওতে সেখানে ভারী সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ সরবরাহ এবং নতুন সেনা মোতায়েনের চিত্র দেখা গেছে।
দিনিপ্রো নদীর অপর পারে অবস্থিত ওলেশকি খেরসন শহর থেকে মাত্র তিন মাইল দূরে। যুদ্ধবিরতির আগে ইউক্রেনীয় আত্মঘাতী ড্রোনের হুমকিতে সেখানে রুশ বাহিনীর রসদ সরবরাহ কঠিন হয়ে পড়েছিল। সূত্র: দ্য গার্ডিয়ান
