ইউক্রেনে ৫৬ ক্ষেপণাস্ত্র ও ৬৭৫ ড্রোন হামলা রাশিয়ার, হতাহত ৪৯

অনলাইন ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত পাঁচজন নিহত এবং আরও ৪৪ জন আহত হয়েছেন।

বুধবার রাতভর চালানো এই হামলায় একটি বহুতল আবাসিক ভবনের বড় অংশ ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনও চলছে অভিযান।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো এবং স্থানীয় পুলিশের তথ্যানুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জরুরি উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে ইতোমধ্যে ১১ জনকে জীবিত উদ্ধার করেছেন। তবে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে, রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন।

দেশটির সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, রাজধানীর পূর্বাংশে অবস্থিত একটি আবাসিক এলাকায় বড় ধরনের ধ্বংসযজ্ঞ দেখা গেছে। সেখানে এক শিশুসহ আহত হন সাতজন।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাতভর হামলায় রাশিয়া বিভিন্ন ধরনের ৫৬টি ক্ষেপণাস্ত্র এবং ৬৭৫টি আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে। এর মধ্যে ছিল ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও।

ইউক্রেন দাবি করেছে, ২৯টি এক্স-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র, ১২টি ইস্কান্দার বা এস-৪০০ ক্ষেপণাস্ত্র এবং ৬৫২টি ড্রোন গন্তব্যে পৌঁছানোর আগেই ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়।

রাত ১টার কিছু আগে বিমান হামলার সতর্কতা জারি করা হয় পুরো ইউক্রেনে। সতর্কবার্তায় বলা হয়, রাশিয়া মিগ-৩১ যুদ্ধবিমান পাঠিয়েছে এবং পুরো দেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি রয়েছে। স্থানীয় কর্মকর্তারা পরে জানান, বহু রুশ ড্রোন রাজধানী কিয়েভের দিকে এগোচ্ছিল এবং ক্ষেপণাস্ত্র হামলারও আশঙ্কা ছিল।

স্থানীয় সময় রাত ৩টার দিকে কিয়েভে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রুশ ড্রোন প্রতিহত করতে শুরু করে। কিছুক্ষণ পর রাজধানীতে আঘাত হানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। কিয়েভের দারনিৎস্কি জেলায় একটি আবাসিক ভবনের অংশবিশেষ ধসে পড়ে এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। শহরের জ্বালানি অবকাঠামোও হামলার লক্ষ্যবস্তু হয়।

ইউক্রেনের বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ কোম্পানি ডিটিইকে জানিয়েছে, একটি বিদ্যুৎ উপকেন্দ্র ও উচ্চক্ষমতার বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। মেয়র ক্লিচকো জানান, হামলায় অন্তত ১৮টি অ্যাপার্টমেন্ট সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। দিনিপ্রোভস্কি জেলায় একটি পাঁচতলা ভবনের ছাদে আগুন লাগে। সলোমিয়ানস্কি জেলায় একটি গাড়িতে আগুন ধরে যায়। ওবোলোনস্কি জেলায় একটি অফিস ভবন, পার্কিং স্থাপনা এবং ১২তলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় ও পরে আগুন ধরে যায়।

এর আগে ১৩ মে বিকালেও ইউক্রেনজুড়ে ব্যাপক ড্রোন হামলা চালায় রাশিয়া। বিভিন্ন ধাপে অন্তত ৮০০ ড্রোন ব্যবহার করে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়। পশ্চিম ইউক্রেনের দূরবর্তী অঞ্চলগুলোও সেই হামলার শিকার হয়। দিনব্যাপী ওই হামলায় শিশুসহ অন্তত ১৪ জন নিহত এবং ৮০ জনের বেশি আহত হন। দুই দফা হামলার শিকার হন উদ্ধারকর্মীরাও। সূত্র: কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights