জাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের (৫১ ব্যাচ) এক ছাত্রীকে বহিরাগত যুবক কর্তৃক ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বেঁধে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ ৬ দফা দাবি উত্থাপন করেছেন তারা।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে এসব দাবি উত্থাপন করা হয়। এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা ওই রাত সোয়া ১০ টা থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। এতে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।

তাদের দাবিগুলো হলো- ৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে গ্রেফতার ও দ্রুতবিচার প্রক্রিয়া সম্পন্ন করা; নির্ধারিত সময়ের মধ্যে গ্রেফতার না হলে দায় স্বীকার করে প্রক্টর ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ; হেনস্তা প্রতিরোধে কুইক রেসপন্স টিম গঠন ও জরুরি হটলাইন চালু; ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার; নারী নিরাপত্তাকর্মী নিয়োগ; এবং শিক্ষার্থীদের জন্য সাইবার সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা।

এর আগে, গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হলসংলগ্ন এলাকায় ছাত্রীকে বহিরাগত যুবক কর্তৃক জোরপূর্বক টেনে হিঁচড়ে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

তবে বুধবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে ‘সম্মিলিত নারী শিক্ষার্থী’র ব্যানারে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভে অংশ নেয়। এসময় আন্দোলনের এক পর্যায়ে একদল শিক্ষার্থী উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন। তবে ছাত্রদল সমর্থিত একটি অংশটি শুধু অভিযুক্তের গ্রেফতার ও বিচারের দাবি জানান। এতে আন্দোলনকারীরা দুইভাগে বিভক্ত হয়ে পড়লে আন্দোলন স্থিমিত হয়ে যায়।

পরে রাত ২টার দিকে একদল নারী শিক্ষার্থী উপাচার্যের সম্মেলন কক্ষে গিয়ে তার সঙ্গে ৬ দফা দাবি নিয়ে বৈঠকে বসেন। প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে উপাচার্যের আশ্বাসে তারা আন্দোলন প্রত্যাহার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights