ইউজিসি: তিন সদস্যকে অব্যাহতি দিয়ে নতুন তিন সদস্য নিয়োগ
অনলাইন ডেস্ক
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তিনজন নতুন পূর্ণকালীন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে কমিশনের বর্তমান তিন পূর্ণকালীন সদস্যকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন সদস্য নিয়োগের প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী নাঈমা খন্দকার।
নিয়োগপ্রাপ্ত নতুন সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক মেহেদী খান, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. আসলাম হোসেন এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ভাস্কুলার সার্জারির অধ্যাপক প্রফেসর ড. নিয়াজ আহমেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে। তারা অব্যবহিত পূর্ববর্তী পদে সর্বশেষ প্রাপ্ত বেতন-ভাতা বহাল রাখবেন এবং কমিশনের সদস্য হিসেবে প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। যোগদানের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে।
অন্যদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ইউজিসির তিন পূর্ণকালীন সদস্যকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সাইদুর রহমান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশ, ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নম্বর-১০/৭৩)-এর সংশোধিত আইন, ১৯৯৮-এর ৪(১)(বি) ধারা অনুযায়ী’ নতুন তিন সদস্যকে পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
