ইজতেমার তারিখ বিবেচনায় গাজীপুরের স্থানীয় নির্বাচন আয়োজনের অনুরোধ তাবলীগের
অনলাইন ডেস্ক
টঙ্গী বিশ্ব ইজতেমা-২০২৭-এর ঘোষিত তারিখ বিবেচনায় রেখে গাজীপুর স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণের অনুরোধ জানিয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে সংগঠনটি।
মঙ্গলবার (৬ অক্টোবর) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। তাবলীগ জামাত বাংলাদেশের আহলে শুরা সদস্য ও কাকরাইল তাবলীগ মার্কাজ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জুবায়ের স্বাক্ষরিত আবেদনটি সিইসির কাছে জমা দেওয়া হয়।
আবেদনপত্রে বলা হয়, বিশ্ব ইজতেমা মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্মেলন। আগামী ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গাজীপুর স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে ইজতেমার ভাবগাম্ভীর্য, আইনশৃঙ্খলা রক্ষা ও বিপুল জনসমাগমের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, স্থানীয় সরকার নির্বাচন ও বিশ্ব ইজতেমার মতো দুটি বড় আয়োজনের সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা একসঙ্গে পরিচালনা করা অত্যন্ত চ্যালেঞ্জিং। তাই দুই পর্বের ইজতেমা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে এমনভাবে নির্বাচনের সময় নির্ধারণ করা প্রয়োজন, যাতে প্রশাসনিক জটিলতা ও সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি না হয়।
আবেদনপত্রে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের দ্বীনি কাজে সহায়তামূলক ভূমিকার প্রশংসা করা হয়। বিশ্ব ইজতেমার মতো আন্তর্জাতিক ধর্মীয় আয়োজন সফল করতে নির্বাচন কমিশন ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
