ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ নিহত
মাদারীপুর প্রতিনিধি
ইতালিতে সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (১৯) নামে মাদারীপুরের এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইতালির বন্দরনগর নাপোলির ভিল্লে লিতেরনো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিঠাপুর গ্রামের প্রামাণিক বাড়ির নশু প্রামাণিকের একমাত্র সন্তান।
পারিবারিক ও প্রবাসী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে শরিফুল সাইকেল চালানোর সময় সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে। পরে পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করে এবং শরিফুলের মরদেহ উদ্ধার করে নিকটস্থ হাসপাতালের মর্গে পাঠায়। তবে কীভাবে এবং কোন পরিস্থিতিতে দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
জীবিকার তাগিদে মাত্র কয়েক মাস আগে ইতালিতে পাড়ি জমান শরিফুল। তিনি নাপোলির ভিল্লে লিতেরনো এলাকায় একটি সরকারি আশ্রয়কেন্দ্রে বসবাস করতেন বলে প্রবাসী সূত্র জানিয়েছে।
এদিকে শরিফুলের মৃত্যুর খবর মাদারীপুরে পৌঁছালে তার পরিবারে নেমে আসে শোকের ছায়া। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্বজনরা। মাত্র ১৯ বছর বয়সে প্রবাসের মাটিতে তার অকাল মৃত্যুতে নিজ গ্রাম মিঠাপুরের পাশাপাশি ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতেও শোকের আবহ সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আলোচনা করে মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হবে বলে রোমে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক জানিয়েছেন।
