ইনস্টাগ্রাম স্টোরি করতে গিয়ে সিঙ্গাপুরে দুই বছরের জেলের ঝুঁকিতে ফরাসি তরুণ
অনলাইন ডেস্ক
ইনস্টাগ্রামে মজার ভিডিও পোস্ট করতে গিয়ে এবার সত্যিকারের বিপদে পড়লেন এক ফরাসি তরুণ। সিঙ্গাপুরের একটি শপিং সেন্টারে কমলার জুসের ভেন্ডিং মেশিনের স্ট্র চেটে আবার সেটি রেখে দেওয়ার ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছিলেন ডিডিয়ার গাসপার্ড ওয়েন ম্যাক্সিমিলিয়েন (১৮)। এখন সেই ভিডিওর জেরে তার বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। দুষ্টুমি ও পাবলিক নুইসেন্স।
৫০০ স্ট্র বদলাতে হয়েছে এ কারণে
ঘটনাটি ঘটেছিল গত ১২ মার্চ। ম্যাক্সিমিলিয়েন সিটি ইজ নট সেফ ক্যাপশন দিয়ে ভিডিওটি পোস্ট করেছিলেন। ভিডিওটি পরে একটি কমিউনিটি পেজে শেয়ার হয়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। ভেন্ডিং মেশিনটির মালিক প্রতিষ্ঠান আইজুজ জানিয়েছে, ঘটনার পর মেশিনের ডিসপেন্সারে থাকা সবক টি স্ট্র বদলে ফেলতে হয়েছে, সংখ্যায় যা ছিল ৫০০। আইজুজ পুলিশে অভিযোগ দায়ের করেছে এবং স্যানিটেশন প্রক্রিয়া শুরু করেছে।
দোষী সাব্যস্ত হলে দুই বছরের বেশি জেল ও মোটা জরিমানা
উভয় অভিযোগে দোষী সাব্যস্ত হলে ম্যাক্সিমিলিয়েনের দুই বছরের বেশি কারাদণ্ড এবং হাজার হাজার ডলার জরিমানা হতে পারে।
মা-বাবা উড়ে এলেন, স্কুল দিচ্ছে জামিনদার
ম্যাক্সিমিলিয়েন বর্তমানে সিঙ্গাপুরের এসেক বিজনেস স্কুলে পড়াশোনা করছেন। তার আইনজীবীরা জানিয়েছেন, তার মা-বাবা সিঙ্গাপুরে উড়ে এসেছেন এবং স্কুলের একজন প্রতিনিধি তার জামিনদার হবেন। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে তারা অবগত এবং অভ্যন্তরীণ তদন্ত চলছে। আগামী ২২ মে আদালতে মামলার পরবর্তী শুনানি হবে।
সূত্র: বিবিসি
