‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিল
অনলাইন ডেস্ক
জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ঘোষিত ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি সরকার বাতিল করেছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার (৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের একটি কর্মসূচি নিয়ে আমাদের শুরু থেকেই কিছুটা দ্বিধা ছিল। একটি মাত্র কর্মসূচি আমরা একাধিকবার বাদ দিয়েছি, আবার যুক্ত করেছি। আমাদের অনেকেই মনে করছিলেন, ‘এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট’ সম্ভবত তেমন একটা ভালো আইডিয়া নয়।
তিনি পোস্টে লেখেন, পরে নানা আলোচনার পর আবারও কর্মসূচিটির অন্তর্ভুক্তি ঘটে। বড় কোনো কর্মসূচি ও বড় একটি দল একসাথে কাজ করলে মাঝে মাঝে এমন কিছু ভুল চোখের আড়ালে থেকে যায়। যাই হোক, ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি নিয়ে আপনাদের মতামতের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
