ইয়েমেনি সেনাবাহিনীর ড্রোন হামলায় ৩ হুথি নিহত

অনলাইন ডেস্ক

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে ইয়েমেনি সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত তিন হুথি নিহত হয়েছেন। এ ঘটনায় মাঠপর্যায়ের কয়েকজন কমান্ডারসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

শনিবার (১৫ আগস্ট) সামরিক বাহিনীর বরাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবা টিভি জানায়, পশ্চিম তাইজের মাকবানাহ ফ্রন্টে হুথিদের অবস্থান, সমাবেশ ও যানবাহন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।

সামরিক সূত্রের দাবি, হামলায় তিন হুথি যোদ্ধা নিহত হন। আহতদের মধ্যে কয়েকজন মাঠপর্যায়ের কমান্ডারও রয়েছেন। তবে এ হামলার বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইয়েমেনে প্রায় ১২ বছর ধরে চলা যুদ্ধের মধ্যে ২০২২ সালের এপ্রিল থেকে তুলনামূলকভাবে সংঘাত কিছুটা কমে এসেছিল। হুথিরা ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে রাজধানী সানা এবং দেশের বেশ কয়েকটি শহর ও প্রদেশের নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মারিব, আল-জাওফ, আল-দালিয়া ও তাইজসহ কয়েকটি প্রদেশে আবারও সংঘর্ষ বেড়েছে। একই সঙ্গে ইয়েমেন বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারকে সৌদি নেতৃত্বাধীন একটি জোট সমর্থন করছে। অন্যদিকে, ইরান হুথিদের সমর্থন দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। গত জুলাইয়ে হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্র অবরোধের ঘোষণা দিয়েছিল। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights