মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আহত ব্যক্তিকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত মো. মাহফুজুল ইসলাম (৬৮) নামের এক ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

রবিবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উপজেলার হরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টে আহত মাহফুজুল ইসলাম শ্রীনগর উপজেলার সিংপাড়া এলাকার বাসিন্দা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, হরপাড়া এলাকার লিটন শেখের তৃতীয় তলা ভবনের ছাদে লাকড়ি শুকাতে গিয়ে অসাবধানতাবশত ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন মো. মাহফুজুল ইসলাম। এতে তিনি গুরুতর আহত হয়ে ছাদে পড়ে যান।

সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা মাহফুজুল ইসলামকে ভবনের ছাদ থেকে উদ্ধার করে। পরে তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পর শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights