ইয়েমেনে কারাগারে সৌদি হামলার অভিযোগ, নিহত ৭

অনলাইন ডেস্ক

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় শহর আল-হাজমে একটি কারাগারে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দেশটির হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, হামলায় এক শিশুসহ সাতজন নিহত হয়েছেন।

হুথি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি সোমবার জানান, আল-জাওফ প্রদেশের আল-জাওফ শহরের সেন্ট্রাল কারেক্টিভ ফ্যাসিলিটিতে ওই হামলা চালানো হয়। এতে আরও অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন নারীও রয়েছেন।

হুথিদের পরিচালিত আল মাসিরাহ টেলিভিশন চ্যানেল হামলার পরবর্তী পরিস্থিতির বলে দাবি করে কয়েকটি ভিডিও সম্প্রচার করেছে। এসব ভিডিওতে একটি ভবনের ধ্বংসাবশেষ এবং সেখানে মানুষকে তল্লাশি চালাতে দেখা যায়।

তবে হুথিদের করা এসব অভিযোগের বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে আল মাসিরাহ টিভি আরও কিছু ভিডিও প্রকাশ করেছে। চ্যানেলটির দাবি, ভিডিওগুলোতে ইয়েমেনের হাদরামাউত প্রদেশের একটি সীমান্ত ক্রসিংয়ে সামরিক সরঞ্জাম বহনকারী সৌদি সরবরাহ ট্রাকে হুথি বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য রয়েছে।

হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি আরবের বিরুদ্ধে আল-জাওফে ‘গণহত্যা’ চালানো, গোয়েন্দা ড্রোন পরিচালনা এবং ভাড়াটে যোদ্ধাদের অস্ত্র সরবরাহের অভিযোগও করেছেন।

সূত্র: আল জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights