নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসের নিচে মোটরসাইকেল, প্রাণ গেল দুই আরোহীর

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পটুয়াখালী জেলার সুমখালী এলাকার আব্দুর রবের ছেলে আনিসুর রহমান (২৮) ও বরিশাল জেলার গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন (৩০)।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেলযোগে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাওয়ার সময় বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের একটি দ্রুতগতির বাসের নিচে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলটিকে প্রায় আধা কিলোমিটার দূরে টেনে নিয়ে যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান বলেন, দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাসটি আটক করা হয়েছে। বাসের চালকসহ স্টাফরা পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights