ইরানি কর্মকর্তার ‘উপেক্ষা’র দাবি নাকচ করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
সুইজারল্যান্ডে চলমান দ্বিপক্ষীয় বৈঠকের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তাকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা বা এড়িয়ে গেছেন—এমন গুঞ্জন ও জল্পনা পুরোপুরি নাকচ করে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং তা নিয়ে তৈরি হওয়া আলোচনাকে বাস্তবতাবিবর্জিত বলে মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় একজন ইরানি কর্মকর্তা মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে কোনোরকম সৌজন্য বিনিময় বা করমর্দন না করেই সভাকক্ষে প্রবেশ ও প্রস্থান করছেন। ইরানি সংবাদমাধ্যমগুলো দাবি করে, পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ইচ্ছাকৃতভাবে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে করমর্দন এড়িয়ে গেছেন। এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ভ্যান্স সরাসরি ‘না’ সূচক জবাব দেন।

যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেডি ভ্যান্স বলেন, গত কয়েক মাসে তিনি ইরানিদের সঙ্গে আলোচনার টেবিলে প্রচুর সময় পার করেছেন এবং মাঝে মাঝে আলোচক হিসেবে তাদের আচরণ বেশ বিভ্রান্তিকর মনে হতে পারে। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ভেঙে পড়ার মতো শোরগোল তৈরি হলেও, বাস্তবে তারা এরপরও প্রায় নয় ঘণ্টা ধরে টানা বৈঠক করেছেন।

রবিবারের আলোচনাকে অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে এই সংলাপে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে। একইসঙ্গে ইরানি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ছড়ানো খবরের সত্যতা নিয়ে সাংবাদিকদের কিছুটা সতর্ক ও সন্দিহান থাকারও পরামর্শ দেন তিনি।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights