ইরানের তেলসম্পদ দখলের ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
ইরানকে ভাগ করে এর তেলসম্পদ দখলের জন্য যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সোমবার এক সংবাদ সম্মেলনে বাগাই বলেন, যুক্তরাষ্ট্রের পরিকল্পনা পরিষ্কার—তারা ইরানকে ভাগ করে দেশটির তেলসম্পদ অবৈধভাবে দখল করতে চায়। তার ভাষায়, তাদের পরিকল্পনা পরিষ্কার এবং উদ্দেশ্যও স্পষ্ট। তারা আমাদের দেশকে ভাগ করে আমাদের তেলসম্পদ অবৈধভাবে দখল করতে চায়।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনকে ঝুঁকির মুখে ফেলেছে এবং এতে আন্তর্জাতিক সব রীতিনীতি ও প্রথা লঙ্ঘন করা হয়েছে।
বাগাই আরও অভিযোগ করেন, ইরানের ওপর সাম্প্রতিক হামলার আগে যে কূটনৈতিক আলোচনা চলছিল, যুক্তরাষ্ট্র তা নস্যাৎ করে দিয়েছে। তিনি বলেন, আমরা যখন পুরোপুরি কূটনৈতিক আলোচনায় ব্যস্ত ছিলাম, তখনই তারা যুদ্ধ শুরু করেছে। তাই এখন আমরা একযোগে আমাদের দেশ রক্ষা করছি।
সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার তীব্র সমালোচনা করে বাগাই বলেন, ইরানের ভবিষ্যৎ দেশটির জনগণের ইচ্ছা অনুযায়ী নির্ধারিত হবে। তিনি আরও বলেন, ইরানি জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় পুরোপুরি প্রস্তুত রয়েছে।
এ ছাড়া তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করা, ইরানের জনগণকে পরাজিত করা এবং তাদের মানবিক মর্যাদা ক্ষুণ্ন করা।
