ইরানের সঙ্গে শান্তি আলোচনায় ‘ভালো সম্ভাবনা’ দেখছেন ট্রাম্প
অনলাইন ডেস্ক
টানা তিন দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলা বন্ধ রয়েছে। এই সুযোগে ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তির বিষয়ে দারুণ আশাবাদী হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তেহরানের সঙ্গে তাদের ‘গভীর আলোচনা’ চলছে এবং চুক্তির ‘উজ্জ্বল সম্ভাবনা’ রয়েছে। কিন্তু ট্রাম্পের এই দাবি সরাসরি নাকচ করে দিয়ে যুক্তরাষ্ট্রকে ‘মাফিয়া চক্রের’ সঙ্গে তুলনা করেছে তেহরান।
সোমবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদেরকে ট্রাম্প জানান, মধ্যস্থতাকারীদের অনুরোধেই কূটনীতির স্বার্থে তিনি হামলা স্থগিত রেখেছেন। তবে এই উদ্যোগ ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও আগের মতো কড়া হামলায় ফিরবে বলে হুঁশিয়ারি দেন তিনি। অস্ত্রের ঘাটতি নিয়ে ওঠা গুঞ্জন উড়িয়ে দিয়ে ট্রাম্প দম্ভভরে বলেন, যুক্তরাষ্ট্রের কাছে এখনো পর্যাপ্ত গোলাবারুদ মজুত রয়েছে।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে কিছু বার্তা আদান-প্রদান হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না। তিনি ওয়াশিংটনের নীতিহীনতাকে ‘মাফিয়া চক্রের’ সঙ্গে তুলনা করে বলেন, এমন বেআইনি আচরণ চলতে থাকলে কোনো যুক্তিসঙ্গত সমাধানের আশা করা যায় না।
অন্যদিকে, সংঘাত থামার এই সাময়িক স্বস্তির মাঝেই সোমবার সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত গোষ্ঠী। পাশাপাশি ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও সৌদিতে হামলার দাবি করেছে। এছাড়া হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ওমানের সঙ্গে ইরানের আলোচনা চললেও উত্তেজনা অব্যাহত রয়েছে।
তবে ওয়াশিংটন-তেহরানের সরাসরি সংঘাত আপাতত বন্ধ থাকায় চাঙ্গা হয়ে উঠেছে বিশ্ব শেয়ারবাজার। সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ ডলারে নেমে এসেছে।
