ইরানের ৯০টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি সেন্টকমের
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের বাহিনী ইরানে আরও এক দফা বিমান হামলা সম্পন্ন করেছে। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম নিশ্চিত করে যে, সর্বশেষ এই অভিযানে ইরানের প্রায় ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানা হয়েছে। মার্কিন বাহিনীর পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিও চিত্রে দেখা যায়, অজ্ঞাত একটি স্থানে একের পর এক বিস্ফোরণ ঘটছে এবং সেখান থেকে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া আকাশে উড়ে যাচ্ছে।
সেন্টকমের তথ্য অনুযায়ী, এবারের হামলায় মূলত ইরানের উপকূলীয় অঞ্চলের সামরিক সক্ষমতাকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ধ্বংস হওয়া লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি সরঞ্জাম, মিসাইল ও ড্রোন মজুত রাখার গোপন আস্তানা, নৌবাহিনীর যুদ্ধ সক্ষমতা এবং সামরিক রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ অবকাঠামো।
এর আগে গত ৭ জুলাইও ইরানে বড় ধরনের একটি হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। সেই অভিযানে ৮০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছিল সেন্টকম। তার ঠিক দুদিনের মাথায় আবারও এই জোরালো হামলার ঘটনা ঘটল, যা এই অঞ্চলে উত্তেজনা নতুন করে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই হামলার ক্ষয়ক্ষতি ও পরবর্তী পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন এবং তেহরানের পক্ষ থেকে বিস্তারিত প্রতিক্রিয়া জানার চেষ্টা চলছে।
