ইরানে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
উত্তর-পশ্চিম ইরানের একটি আদালত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে চার ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তারা তেলআবিব সরকারের কাছে গোপন ও সংবেদনশীল তথ্য সরবরাহ করেছিল।

ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রধান বিচারপতি নাসের আতাবাতি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, আসামিরা দেশের বিভিন্ন সংবেদনশীল কেন্দ্রের ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো জায়নবাদী শাসনের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে পাঠাত।

তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা মোসাদ এজেন্টদের সঙ্গে জরুরি কনফারেন্স কলের জন্য সিম কার্ড সংগ্রহ ও বিশেষ ফোন ক্রয় করেছিল। এ ছাড়া তারা রাজধানী তেহরানসহ উরুমিয়া, শাহরুদ, ইসফাহানসহ বিভিন্ন শহরে বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটিয়েছে।

এ চক্রটি ইরানের সামরিক ঘাঁটি, দুর্গ এবং গুরুত্বপূর্ণ স্থাপনা চিহ্নিতকরণে জড়িত ছিল এবং এসব কার্যকলাপের বিনিময়ে তারা ইসরায়েলি সেনাবাহিনীর কাছ থেকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পেত। বিচার বিভাগীয় কর্মকর্তারা মোসাদ এজেন্টদের সঙ্গে তাদের যোগাযোগ ও সহযোগিতার প্রমাণ আদালতে উপস্থাপন করার পর উরুমিয়ার বিপ্লবী আদালত আসামিদের মৃত্যুদণ্ডের রায় দেন।

তাদের বিরুদ্ধে ‘শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে জায়নবাদী শাসনের শত্রুতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ আইন’-এর ৬ নম্বর ধারা অনুযায়ী অভিযোগ আনা হয় এবং সে অনুযায়ী দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। সূত্র: মেহের নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights