ইরানে কেন এক মাসে ৪৬০টির বেশি ভূমিকম্পের হানা?
অনলাইন ডেস্ক
ইরানে গত এক মাসে অন্তত ৪৬১ বার ভূকম্পন অনুভূত হয়েছে। ফলে দেশটিতে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূ-পদার্থবিদ্যা ইনস্টিটিউটের সিসমোলজিক্যাল নেটওয়ার্কের বরাত দিয়ে জানা গেছে, গত ২২ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত এই কম্পনগুলো রেকর্ড করা হয়।
পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ের মধ্যে ৩ মাত্রার নিচে ৩৮৩টি এবং ৩ থেকে ৪ মাত্রার মধ্যে ৬৮টি ভূমিকম্প হয়েছে। এছাড়াও ৪ থেকে ৫ মাত্রার ৯টি এবং ৫ থেকে ৬ মাত্রার মধ্যে একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে।
প্রাদেশিক শহরগুলোর মধ্যে ইয়াজদ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত ও কম্পনপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। যেখানে সর্বোচ্চ ৫২টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এরপরই যথাক্রমে কেরমান এবং দক্ষিণ খোরাসানে উল্লেখযোগ্য সংখ্যক কম্পন অনুভূত হয়। এমনকি রাজধানী তেহরানও এই ভূ-তাত্ত্বিক অস্থিরতা থেকে মুক্ত নয়। সেখানেও এই এক মাসে অন্তত নয়বার মৃদু কম্পন অনুভূত হয়েছে। এবারের উল্লেখযোগ্য ঘটনা ছিল গত ১৩ জানুয়ারি ইয়াজদ প্রদেশের বাহাবাদে আঘাত হানা ৫.৩ মাত্রার ভূমিকম্পটি। এটি জানুয়ারি মাসের মধ্যে সবথেকে শক্তিশালী ছিল।
ঐতিহাসিকভাবেই ইরান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত। গত এক বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত ইরানে মোট ৬,২৭২টি ভূমিকম্প হয়েছে। যার মধ্যে ১৫০টি ছিল ৪ মাত্রার ওপর।
বৈশ্বিক পরিসংখ্যান বলছে, পৃথিবীর মোট ভূমিকম্পের মাত্র দুই শতাংশ ইরানে ঘটলেও গত শতাব্দীতে ভূমিকম্পজনিত প্রাণহানির প্রায় ছয় শতাংশই ইরানে ঘটেছে।
সূত্র: তেহরান টাইমস
