ইরানে সশস্ত্র হামলা, নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত

অনলাইন ডেস্ক
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে ইরানের দুই বাসিজ স্বেচ্ছাসেবী নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, শনিবার তারা টহল মিশনে থাকা অবস্থায় তাদের ওপর হামলা চালায় বন্দুকধারীরা। এতে গুলিবিদ্ধ হয়ে তারা প্রাণ হারান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) স্থলবাহিনীর কুদস ঘাঁটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে কুদস ঘাঁটির পক্ষ থেকে জানানো হয়, নিহত দু’জনই স্থানীয় সুন্নি সম্প্রদায়ের বাসিন্দা ছিলেন। তারা খাশ শহর ও প্রাদেশিক রাজধানী জাহেদানের মধ্যবর্তী সড়কে টহল দিচ্ছিলেন, সে সময় হামলা চালায় সন্ত্রাসীরা।

বিবৃতিতে আরও বলা হয়, নিহত দুই সুন্নি বাসিজ সদস্য তখন এক উপজাতীয় নেতার সঙ্গে ছিলেন। ওই নেতাকে লক্ষ্য করেই চালানো হয় হামলাটি। তবে ওই উপজাতীয় নেতা বেঁচে আছেন কি না, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশটি দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী কার্যকলাপের জন্য অস্থিতিশীল অঞ্চল হিসেবে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলে ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা বেড়েছে, যা সন্ত্রাসবিরোধী অভিযান জোরদারের মাধ্যমে মোকাবিলা করছে তেহরান সরকার। সূত্র: মেহের, ইরনা, ইরান ইন্টারন্যাশনাল, সিনহুয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights