ইরান-ইসরায়েল যুদ্ধ: শাহ আমানতের আরও ৭ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিমানবন্দরের এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আরও ৭ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মঙ্গলবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের এ নিয়ে ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলো।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আরও ৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি অ্যারাইভাল ফ্লাইট, মধ্যপ্রাচ্যগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি ডিপার্চার ফ্লাইট ও ১টি অ্যারাইভাল ফ্লাইট, এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী ২টি ডিপার্চার ফ্লাইট ও ২টি অ্যারাইভাল ফ্লাইট।
তিনি আরও বলেন, ওমানের সঙ্গে বিমান যোগাযোগ স্বাভাবিক থাকায় মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট মঙ্গলবার সকাল ৮টা ৫ মিনিটে অবতরণ করে পুনরায় যাত্রী দিয়ে মাস্কাটের উদ্দেশে সোয়া ৯টায় বিমানবন্দর ছেড়ে যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মদিনা থেকে একটি ফ্লাইট সকাল পৌনে ৯টায় অবতরণ করে সাড়ে ৯টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
