ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান

অনলাইন ডেস্ক

ইসরায়েলের ওপর বিস্তৃত অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। বুধবার (১৬ অক্টোবর) আঙ্কারায় আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গাইতের সঙ্গে বৈঠককালে এই আহ্বান জানান তিনি।

তুর্কি প্রেসিডেন্টের যোগাযোগ বিভাগ জানিয়েছে, বৈঠকে এরদোয়ান ও আহমেদ আবুল গাইত বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে ইসরায়েলের লেবাননে হামলা নিয়ে আলোচনা করেন।

আরব লিগের প্রধানকে এরদোগান বলেন, ইসরায়েল ফিলিস্তিনি ভূমি দখল করার এবং তাদেরকে মাতৃভূমি ছাড়া করার উদ্দেশ্যে সংঘাতের আগুন পুরো অঞ্চলে ছড়াতে চাচ্ছে।
তিনি আরও বলেন, তুরস্ক ইসরায়েলকে তার অপরাধের জন্য জবাবদিহি করতে বাধ্য করার উদ্যোগ চালিয়ে যাচ্ছে। তেল আবিবের ওপর চাপ বাড়ানোর জন্য বিস্তৃত অস্ত্র নিষেধাজ্ঞার গুরুত্ব তুলে ধরেন।

আবুল গাইতকে এরদোগান আরও বলেন, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া এবং ইথিওপিয়ায় উত্তেজনা অবিলম্বে বন্ধ করতে হবে। তুরস্ক এসব দেশে শান্তি ও স্থিতিশীলতা চায়।

গাজায় ইসরায়েলের যুদ্ধের কট্টর সমালোচক তুরস্ক লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলা এবং ইরানের পাল্টা আক্রমণের কারণে সংঘাতের আঞ্চলিক প্রভাবের বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান সতর্ক করে বলেছেন, নেতানিয়াহু সরকার তুরস্ককে টার্গেট করতে পারে। ইসরায়েলি সরকার যারা ‘প্রতিশ্রুত ভূমি’ ধারণায় বিশ্বাসী, ফিলিস্তিন ও লেবাননের পর আমাদের মাতৃভূমিকে টার্গেট করবে।

সূত্র: ডেইলি সাবাহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights