রোনালদোকেই কেন ‘সর্বকালের সেরা’ মানেন ভিনিসিয়ুস, স্পষ্ট করলেন কারণও

অনলাইন ডেস্ক
ফুটবলে ‘সর্বকালের সেরা’ কে— এই বিতর্কে সাম্প্রতিক সময়ে অনেকেই আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির পক্ষে মত দিচ্ছেন। বিশেষ করে ২০২২ বিশ্বকাপ জয়ের পর সেই আলোচনা আরও জোরালো হয়েছে। তবে এই বিতর্কের মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তার মতে, সর্বকালের সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।

শুক্রবার ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনিসিয়ুসের এই মন্তব্য প্রকাশ করেন। সেখানে ভিনিসিয়ুস বলেন, ‘আমি শুধু প্রতিভা দেখি না। আমি পুরো বিষয়টি দেখি।’

রিয়াল মাদ্রিদের এই উইঙ্গারের মতে, রোনালদো ইংল্যান্ড, স্পেন, ইতালি ও পর্তুগালে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। ভিনিসিয়ুসের ভাষায়, ‘ক্রিশ্চিয়ানো ইংল্যান্ড, স্পেন, ইতালি ও পর্তুগালে নিজেকে প্রমাণ করেছেন। ভিন্ন লিগ, ভিন্ন সতীর্থ, ভিন্ন প্রজন্মের সঙ্গে খেললেও ফল সবসময় একই; গোল, শিরোপা এবং রেকর্ড।’

তিনি আরও বলেন, ‘তিনি (রোনালদো) কঠোর পরিশ্রমকে শিল্পে পরিণত করেছেন। তার শৃঙ্খলা, আত্মত্যাগ ও ধারাবাহিকতাও এক ধরনের প্রতিভা।’ সবশেষে নিজের অবস্থান স্পষ্ট করে ভিনিসিয়ুস বলেন, ‘এ কারণেই আমার কাছে ক্রিশ্চিয়ানো রোনালদোই সর্বকালের সেরা ফুটবলার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights