ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে থাকা প্রতিরক্ষা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে ইতালি। মঙ্গলবার ভেরোনায় এক অনুষ্ঠানের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই সিদ্ধান্তের কথা জানান।

এই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে সামরিক সরঞ্জাম আদান-প্রদান এবং প্রতিরক্ষা প্রযুক্তি-সংক্রান্ত গবেষণার কাজ চলত।

ইতালির সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, প্রধানমন্ত্রী মেলোনি বলেছেন, বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত ইরান ও ইসরায়েলের মধ্যে চলা সাম্প্রতিক যুদ্ধ এবং লেবানন সীমান্তে ক্রমবর্ধমান অস্থিরতার কারণে ইতালি তার এই দীর্ঘদিনের সামরিক অংশীদারত্ব থেকে সরে আসার সিদ্ধান্ত নিল।

গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলের সামরিক কার্যক্রমের সমালোচনা করে আসছিলেন মেলোনি। বিশেষ করে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (ইউনিফিল) নিয়োজিত ইতালির সেনাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

এই প্রেক্ষাপটে প্রতিরক্ষা চুক্তি স্থগিতের এই সিদ্ধান্তকে ইসরায়েলের জন্য একটি বড় কূটনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে ইতালি স্পষ্ট করে দিল যে, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে তারা ইসরায়েলকে সামরিক বা প্রযুক্তিগত সহায়তা প্রদান অব্যাহত রাখতে আগ্রহী নয়।

সূত্র: আল অ্যারাবিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights