ঈদের আগে মুরগির দাম বেড়েছে

ঈদের আগে হঠাৎ করে সবধরনের গোশতের দাম বেড়েছে। ব্রয়লার ও সোনালি মুরগির পাশাপাশি গরুর গোশতের দামও বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ঈদের কারণে বাজারে মুরগি ও গরুর গোশতের চাহিদা বেড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ না বাড়ায় দাম বেড়েছে। চাহিদা বৃদ্ধি পাওয়ায় খামারিরা মুরগি ও গরুর দাম বাড়িয়েছেন। যার প্রভাব পড়েছে গোশতের দামে।

সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার মুরগিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে ২৩০ থেকে ২৪০ টাকা, সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর গোশত বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৭৮০ টাকা কেজিতে। কোথাও কোথাও ৮০০ টাকা কেজিতেও বিক্রি হতে দেখা গেছে।

বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) সভাপতি সুমন হাওলাদার গণমাধ্যমে বলেন, বাজারে মুরগির বাচ্চার দামে নিয়ন্ত্রণ নেই। খামারিদের চড়াদামে বাচ্চা কিনতে হচ্ছে। এছাড়া মুরগির খাবার ও ওষুধের দামও বাড়তি।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বিপিএ সভাপতি বলেন, কর্পোরেট গ্রুপগুলোর কৃত্রিম সংকটে মুরগির বাচ্চা ক্রয় করতে না পেরে অনেক প্রান্তিক খামারি উৎপাদন থেকে বাধ্য হয়ে সরে যাচ্ছে। কর্পোরেট গ্রুপগুলো মুরগির বাজার নিয়ন্ত্রণ করছে। এতে প্রান্তিক খামারিরা বিপর্যয়ের মুখে পড়েছে। এর প্রভাব পড়েছে মুরগির দামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights