ঈদের দিনে মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে মো. মোয়াজ্জেম মোল্লা ওরফে আকাশ (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার দরজারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. মোয়াজ্জেম সদর উপজেলার শিলই ইউনিয়নের আকালমেঘ গ্রামের তমিজ উদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয়দের তথ্য সুত্রে জানা যায়, মোয়াজ্জেম মোল্লাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে রাস্তায় পাশে ফেলে রেখে চলে যায় দূর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা রেনু বেগম জানান, আমার ছেলে আলদি বাজার থেকে ফেরার সময় তাকে রাস্তায় কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আমার ছেলের পুরো শরীরে কোপানোর চিহ্ন আছে। ঈদে ঘুরতে গেছে সাদা পাঞ্জাবি পড়ে সেই পাঞ্জাবি এখন রক্তে লাল। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনুপ কুমার সাহা জানান, রাত পৌনে ৮টার দিকে তাকে একজন অটোচালক এখানে মৃত অবস্থায় নিয়ে আসে। মৃত ব্যক্তির শরীরে ব্যাপক ধারালো অস্ত্র চিহ্ন পাওয়া গেছে। তবে তাকে কি ধরনের অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে সেটা ময়নাতদন্তের পর জানা যাবে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপারেশন) মো. ফিরোজ কবির জানান, এই হত্যাকাণ্ডের সঠিক ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights