উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের গোড়ালি বিচ্ছিন্ন
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তের নাফ নদের শূন্যরেখা সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আহত বদি আলম (৩২) উখিয়ার পালংখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের জুমেরছড়া এলাকার সোনা মিয়ার ছেলে।
বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, স্থানীয়দের সঙ্গে বৃহস্পতিবার সকালে নাফ নদে মাছ ধরতে যান বদি আলম। একপর্যায়ে তারা শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে গেলে সেখানে পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরিত হয়।
বিস্ফোরণে বদি আলমের ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া শরীরের ডান পাশেও গুরুতর আঘাত পান তিনি।
ঘটনাস্থলে থাকা অন্যরা তাকে উদ্ধার করে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
