ফটিকছড়িতে প্রধানমন্ত্রীর সফর, নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শনে এসপি মাসুদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ উপলক্ষে সফরের স্থান উপজেলার পেলাগাজী দিঘির মোড় ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম।

পরিদর্শনকালে তিনি নির্মাণাধীন হেলিপ্যাড ও নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের ঘাটতি না রাখার নির্দেশ দেন।

এসময় পুলিশ সুপার মাসুদ আলম বলেন, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভেন্যু, হেলিপ্যাড ও সফর সংশ্লিষ্ট সড়কগুলোকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরিদর্শনকালে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ, হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান, ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান, ওসি তদন্ত রফিকুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights