উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি

আঞ্চলিক বৈষম্য নিরসন ও উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা পরিষদে সদস্য অন্তর্ভুক্তিসহ তিন দফা দাবিতে গাইবান্ধার পলাশবাড়ীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলা শহরের চৌমাথা মোড়ে ‘উত্তরবঙ্গের সাধারণ ছাত্র-জনতা’ ব্যানারে এ বিক্ষোভ করা হয়। এতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষজন অংশ নেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি রংপুর-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে চৌমাথা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি কাফি, জীম, সরোয়ার, মাহমুদ, মোক্তাদির, মেহেদী, সিয়াম ও মাসুদ রানাসহ অনেকেই বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ। কিন্তু বারবার বৈষম্যের শিকার হয়েছে রংপুর বিভাগ। উন্নয়ন থেকেও পিছিয়ে পড়েছে রংপুর বিভাগীয় শহরসহ বিভিন্ন জেলা। শুধু তাই নয়, অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নেই উত্তরবঙ্গ তথা রংপুর বিভাগের কেউ। এসময় উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদি শেখ হাসিনার দোসর ও দালালদের সদস্য করায় তীব্র প্রতিবাদ জানিয়ে তাদেরকে অপসরণের দাবি জানান।

বক্তারা দ্রুত সব ধরণের বৈষম্য বন্ধ করে রংপুর ও রাজশাহী বিভাগ থেকে ৪ জনকে উপদেষ্টা পরিষদের সদস্য অন্তর্ভুক্তির পাশাপাশি তিনদফা বাস্তবায়নের দাবি জানান। সেই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ঢাকা-রংপুর মহাসড়ক ছাড়াও সব সড়কে যানবাহন চলাচল বন্ধ ও হরতালের ডাকসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights