উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে
পঞ্চগড় প্রতিনিধি
বুধবার দুপুরে পঞ্চগড়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর প্রশাসনিক ভবন সম্প্রসারণের জন্য ছয়তলা ভবনের তিনতলা অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে এসে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ শহীদ জিয়াউর রহমান ধারণ করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধারণ করেছিলেন। সেটি বাস্তবায়ন করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার দুপুরে পঞ্চগড়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর প্রশাসনিক ভবন সম্প্রসারণের জন্য ছয়তলা ভবনের তিনতলা অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একনেকের বৈঠকে ১ হাজার ৪৯২ কোটি টাকার একটি মেগা প্রকল্প গ্রহণ করেছেন। এ প্রকল্প বাস্তবায়ন হলে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার ব্যাপক উন্নয়ন হবে। শুধু এ অঞ্চলের উন্নয়নের জন্যই প্রকল্পটি নেয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে এ অঞ্চলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
তিনি বলেন, অবকাঠামো উন্নয়নের জন্য এলজিইডি স্কুল, কলেজ, সেতু ও কালভার্ট নির্মাণের কাজ করে যাচ্ছে। এর আগে বোদা উপজেলার ঝলই শালশিরি এলাকায় একটি সেতু উদ্বোধন করতে গিয়েছিলাম। সেতুটির প্রস্থ ছিল ১৮ ফুট, অথচ সংযোগ সড়ক ছিল ১২ ফুট। সেতু পার হওয়ার পর আর কোনো রাস্তা ছিল না। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে।
ফরহাদ হোসেন আজাদ বলেন, ফ্যাসিস্ট আমলে যারা এ ধরনের কাজ করেছেন, তাদের চিহ্নিত করতে হবে। প্রশাসনিক ভবনটি নির্মাণ করা হলে কর্মকর্তা-কর্মচারীদের জন্য কাজের সুন্দর পরিবেশ তৈরি হবে। পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলা ও তিনটি পৌরসভায় এলজিইডির কার্যক্রম আরও গতিশীল হবে।
উল্লেখ্য, এলজিইডির বাস্তবায়নে ৩ কোটি ৩৯ লাখ ৭ হাজার ১১৭ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করছে পঞ্চগড়ের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
এ সময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী সফিউল আলম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানাসহ বিএনপির নেতৃবৃন্দ এবং এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
