উত্তাল ইরান: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল

অনলাইন ডেস্ক

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের মুখোমুখি ইরানের সরকার। এ প্রেক্ষাপটে দেশটিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ইসরায়েল।

রবিবার বিষয়টি সম্পর্কে সম্পৃক্ত ইসরায়েলের তিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চলার মধ্যেই কয়েকবার হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগ না করারও সতর্কবার্তা দেন। গতকাল শনিবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আন্দোলনকারীদের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

এদিকে, সতর্ক অবস্থানের বিষয়ে ইসরায়েলের সূত্রগুলো বিস্তারিত জানায়নি। তবে সর্বশেষ ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।

অন্যদিকে, গত জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনব্যাপী সংঘর্ষ হয়েছিল, যেখানে ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানের ওপর যুক্তরাষ্ট্র বিমান হামলা চালায়। এ সম্পৃক্ততা থেকে ওয়াশিংটন ও তেলআবিবের ভূমিকা একই হতে পারে।

ইসরায়েলি একটি সূত্র জানায়, শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের বিষয় নিয়ে ফোনে কথা বলেছেন। এ সময় উপস্থিত ছিলেন এমন এক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চললেও ইসরায়েল এখন পর্যন্ত সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত দেয়নি। তবে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে ইসরায়েলের দীর্ঘদিন ধরেই তীব্র দ্বন্দ্ব রয়েছে।

গত শুক্রবার প্রকাশিত দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরান যদি ইসরায়েলে হামলা চালায়, তাহলে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

ইরানে চলমান বিক্ষোভের প্রসঙ্গ টেনে নেতানিয়াহু বলেন, ‘ইরানের ভেতরে আসলে কী ঘটছে, সেটাই এখন আমাদের দেখা উচিত।’

ইরানে তীব্র অর্থনৈতিক সংকটকে ঘিরে শুরু হওয়া বিক্ষোভ দুই সপ্তাহের কাছাকাছি পৌঁছেছে। প্রায় সব জেলা ও শহরে সরকারবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে। বহু জায়গায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও মিছিল চলছে। সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে ২১৭ জন নিহত হওয়ার কথা বলা হয়েছে।

সূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights