উত্তরাঞ্চলে বাড়ছে বৃক্ষনিধন, ঝুঁকিতে পরিবেশ
নজরুল মৃধা রংপুর
একসময় দক্ষিণাঞ্চলের কাঠ দিয়ে উত্তরাঞ্চলের মানুষের আসবাবপত্রসহ নানা প্রয়োজন মেটানো হতো। দুই দশকের ব্যবধানে সেই চিত্র পুরোপুরি পাল্টে গেছে। এখন দক্ষিণাঞ্চলের কাঠের চাহিদা পূরণ হচ্ছে উত্তরাঞ্চলের বনভূমি ও গ্রামাঞ্চলের গাছ কেটে। প্রতিদিন হাজার হাজার গাছ কেটে ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে খুলনাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। এতে দ্রুত বিলীন হয়ে যাচ্ছে উত্তরাঞ্চলের বনভূমি, যা স্থানীয়ভাবে ‘অক্সিজেনের ভাণ্ডার’ হিসেবে পরিচিত। এর নেতিবাচক প্রভাব পড়ছে প্রকৃতি ও মানবজীবনে। অস্বাভাবিকহারে গাছপালা কমে যাওয়ায় উত্তরাঞ্চল মরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে।
বন বিভাগ ও স-মিল মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় পর্যায়ে কাঠের চাহিদা থাকা সত্ত্বেও বেশি দামের আশায় উত্তরাঞ্চলের ১৬ জেলা থেকে নির্বিচারে গাছ কেটে দক্ষিণাঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছে। প্রকাশ্যেই ট্রাকে করে কাঠ পরিবহন হলেও নিয়ন্ত্রণ কার্যকরভাবে হচ্ছে না। এর ফলে এই অঞ্চলের প্রকৃতি ভারসাম্য হারাচ্ছে।
পরিবেশবিদদের মতে, অতিরিক্ত বৃক্ষনিধনের প্রভাবে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। বৃষ্টিপাত কমে যাচ্ছে, শীতকালে তীব্র শীত ও গ্রীষ্মকালে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। পাশাপাশি তিস্তা, ব্রহ্মপুত্র, পদ্মাসহ বিভিন্ন নদ-নদী শুকনো মৌসুমে পানি সংকটে পড়ছে।
মহানগর সুজনের সভাপতি ফখরুল আলম বেঞ্জুসহ একাধিক মানবাধিকার কর্মী বলেন, বন ছাড়া মানুষের অস্তিত্ব টেকসই নয়। বন বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড শোষণ করে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমায় এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অবৈধ বৃক্ষনিধন বন্ধ ও দখল হয়ে যাওয়া বনভূমি উদ্ধার জরুরি।
কাঠ ব্যবসায়ী তোফাজ্জল হোসেন জানান, উত্তরাঞ্চলের তুলনায় দক্ষিণাঞ্চলে কাঠের দাম প্রায় দ্বিগুণ। এ কারণে দক্ষিণাঞ্চলের ব্যবসায়ীরা উত্তরাঞ্চল থেকে কাঠ সংগ্রহ করছেন। তিনি জানান, প্রতিদিন কয়েক হাজার গাছ এই অঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে যাচ্ছে।
বন বিভাগের তথ্য অনুযায়ী, পরিবেশের ভারসাম্য রক্ষায় মোট ভূমির অন্তত ২৫ শতাংশ বনভূমি প্রয়োজন। অথচ রংপুর অঞ্চলে সরকারি বনভূমির পরিমাণ এক শতাংশেরও কম। নগরায়ন, অবৈধ দখল ও বাণিজ্যিক উদ্দেশ্যে নির্বিচারে গাছ কাটার ফলে বনভূমি দিন দিন সংকুচিত হচ্ছে। এর প্রভাবে এই অঞ্চলে মরুকরণের আশঙ্কা বাড়ছে এবং মানুষসহ প্রাণীজগতে নেতিবাচক প্রভাব পড়ছে।
সদ্য অবসরপ্রাপ্ত রংপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, প্রতিদিন উত্তরাঞ্চলের হাজার হাজার গাছ কেটে ব্যবসায়ীরা দক্ষিণাঞ্চলে বিক্রি করছেন। এর ফলে এই অঞ্চলে বনভূমি বাড়ছে না, বরং দ্রুত কমে যাচ্ছে।
