উপজেলায় লাখ মানুষের বিপরীতে মাত্র একজন ডেন্টাল সার্জন!

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে অনুষ্ঠিত হলো ডেন্টাল সার্জনদের বার্ষিক সাধারণ সভা ও বৈজ্ঞানিক সেমিনার। শনিবার বরিশাল ক্লাব মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে মুখ ও দাঁতের চিকিৎসা পেশার গুরুত্ব, বর্তমান সংকট এবং সরকারের অবহেলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি ও বিএমডিসি’র নির্বাহী কমিটির সদস্য প্রফেসর ডা. পরিমল চন্দ্র মল্লিক।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. ফয়জুল বাশার, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার-১ ডা. একেএম কবির আহমেদ রিয়াজ, ডেন্টাল সোসাইটির মহাসচিব ডা. আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক ডা. মো. কামরুল হাসান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল, বরিশাল সিভিল সার্জন ডা. এসএম মঞ্জুর এ এলাহী, ডেন্টাল ইউনিট প্রধান ডা. এসএম ওমর ফারুক, ড্যাব বরিশাল জেলা সভাপতি ডা. মো. কামরুজ্জামান, ড্যাব শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাঈদ।

সভাপতিত্ব করেন বরিশাল ডেন্টাল সার্জনস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এসএম জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. পরিমল চন্দ্র মল্লিক বলেন, “স্বাস্থ্যসেবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ মুখ ও দাঁতের চিকিৎসা। অথচ এই সেবায় নিয়োজিত ডেন্টাল সার্জনরা দীর্ঘদিন ধরেই অবহেলা ও বৈষম্যের শিকার হয়ে আসছেন। একটি উপজেলার প্রায় ৪-৫ লাখ মানুষের জন্য মাত্র একজন সরকারি ডেন্টাল সার্জন নিয়োজিত। এমনকি জেলা সদর হাসপাতালেও একই চিত্র দেখা যায়। এতে করে একদিকে প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠী মুখ ও দাঁতের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ থেকে পাস করা ৮ শতাধিক মেধাবী সার্জন প্রতিবছর বেকারত্বে ভুগছেন।”

সেমিনার ও আলোচনা সভা শেষে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডেন্টাল সার্জনদের পেশাগত দাবি, কর্মসংস্থানের সংকট এবং স্বাস্থ্যসেবায় মুখ ও দাঁতের গুরুত্ব নিয়ে সচেতনতামূলক আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights