উপদেষ্টা নিয়োগের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রংপুর
উপদেষ্টা নিয়োগসহ আঞ্চলিক বৈষম্য নিরসনে উত্তরবঙ্গের সাধারণ ছাত্র-জনতার ব্যানারে রংপুরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল বিকালে উত্তরবঙ্গের ১৬টি জেলায় একযোগে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে প্রেস ক্লাব প্রাঙ্গণে জমায়েত হন শিক্ষার্থীরা। এর পর বিক্ষোভ মিছিল নগরীর শাপলা চত্বর, লালবাগ, পার্কের মোড় হয়ে মডার্ন মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে রাস্তার দুই ধারে যানজটের সৃষ্টি হয়। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমরান আহমেদ, ডা. জামিল হোসেন, ইমতিয়াজ ইমতি, নাহিদ হাসান খন্দকার, মোতাওয়াক্কিল বিল্লাহ শাহ ফকিরসহ অন্যরা। বক্তারা বলেন, আবু সাঈদ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দেশে প্রথম জীবন দিয়েছেন। উত্তরবঙ্গে প্রথম রক্ত ঝরেছে। অথচ উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে উত্তরবঙ্গই বৈষম্যের শিকার। উত্তরবঙ্গের ১৬ জেলা থেকে একজনকেও উপদেষ্টা পরিষদে রাখা হয়নি। বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতা আন্দোলন করে নতুন দেশ উপহার দিয়েছে। অথচ এখনো বৈষম্য রয়ে গেছে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আখতার হোসেনকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্তের দাবি জানান শিক্ষার্থীরা। সেই সঙ্গে অবিলম্বে সুষম উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়নে উত্তরবঙ্গের দুই বিভাগ থেকে কমপক্ষে দুজন করে চারজন উপদেষ্টা নিয়োগ করা, বিভিন্ন প্রতিষ্ঠানে আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য দূর করা, পলিসি প্রণয়নে উত্তরবঙ্গের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পরামর্শ গ্রহণ, জুলাই বিপ্লবকে ধারণ করে না এমন উপদেষ্টাকে অন্তর্বর্তী সরকারে না রাখার দাবি জানানো হয়।

আঞ্চলিক বৈষম্য নিরসনের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ : এদিকে, গাইবান্ধা প্রতিনিধি জানান, আঞ্চলিক বৈষম্য নিরসন ও রংপুর তথা উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা পরিষদে সদস্য অন্তর্ভুক্তিসহ তিন দফা দাবিতে গাইবান্ধার পলাশবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সামাবেশ করেছে ছাত্র-জনতা। গতকাল বিকাল ৪টার দিকে উপজেলা শহরের চৌমাথা মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উত্তরবঙ্গের ছাত্র-জনতার আয়োজনে এতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। শুরুতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-রংপুর মহাসড়কের শহর এলাকা প্রদক্ষিণ করে চৌমাথা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ। কিন্তু বারবার বৈষম্যের শিকার হয়েছে রংপুর বিভাগ। উন্নয়ন থেকেও পিছিয়ে পড়েছে রংপুর বিভাগীয় শহরসহ বিভিন্ন জেলা। শুধু তাই নয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নেই উত্তরবঙ্গ তথা রংপুর বিভাগের কেউ। বক্তারা দ্রুত সব ধরনের বৈষম্য বন্ধ করে রংপুর ও রাজশাহী বিভাগ থেকে চারজনকে উপদেষ্টা পরিষদের সদস্য অন্তর্ভুক্তির দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি কাফি, জীম, সরোয়ার, মাহমুদ, মোক্তাদির, মেহেদী, সিয়াম ও মাসুদ রানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights