উপসাগরীয় অঞ্চলের ২০২৫ সালে সাড়ে ৭ কোটি পর্যটক ভ্রমণ করেছে

অনলাইন ডেস্ক

গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) ভুক্ত দেশগুলোতে বিগত ২০২৫ সালে রেকর্ড সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে। উক্ত বছরে প্রায় ৭৫ মিলিয়ন বা সাড়ে সাত কোটি পর্যটক জিসিসিভুক্ত দেশগুলো ভ্রমণ করেছেন। এটা পূর্ববর্তী বছরের তুলনায় ৪.৩ শতাংশ বেশি। একই সময়ে পর্যটন খাত থেকে আয় ও সামগ্রিক অর্থব্যয়ের পরিমাণ এক লাখ ৮০ হাজার কোটি (১৮০ বিলিয়ন) মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।

দুবাইয়ে অনুষ্ঠিত এআইএম কংগ্রেস ২০২৪-এর একটি গোলটেবিল বৈঠকে এসব তথ্য প্রকাশ করেন জিসিসি-র মহাসচিব জাসেম আল-বুদৈবি। তিনি উল্লেখ করেন, ২০২০ সালে যেখানে এ খাত থেকে আয়ের পরিমাণ ছিল মাত্র ৮৭ বিলিয়ন ডলার, সেখানে মাত্র কয়েক বছরের ব্যবধানে এই বিপুল বৃদ্ধি আঞ্চলিক অর্থনীতিতে পর্যটনের ক্রমবর্ধমান প্রভাবকে স্পষ্ট করে তোলে।

জাসেম আল-বুদৈবি আরও জানান, ২০২৫ সালে পর্যটন খতের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদানের মাধ্যমে জিসিসি অঞ্চলের অর্থনীতিতে সর্বমোট ২৫৪ বিলিয়ন ডলার যুক্ত হয়েছে। এটি এই অঞ্চলের মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) প্রায় ১১.৪ শতাংশ। পর্যটকদের সুবিধার্থে ও আঞ্চলিক সীমান্ত পেরিয়ে যাতায়াত সহজ করতে গ্রহণ করা পদক্ষেপগুলোর ফলে ২০২৫ সালে প্রাথমিক স্তরের ভ্রমণকারীর সংখ্যাও প্রায় ৩.৬ শতাংশ বেড়ে ২ কোটির ঘর অতিক্রম করেছে।

জিসিসির দূরদর্শী পরিকল্পনার কথা তুলে ধরে মহাসচিব বলেন, গালফ অঞ্চলের লক্ষ্য কেবল নির্দিষ্ট কোনো একক প্রকল্প বা বিনোদন কেন্দ্রে বিনিয়োগ আকর্ষণ করার মধ্যে সীমাবদ্ধ নয় বরং বিমান চলাচল, সমন্বিত অবকাঠামো, আতিথেয়তা খাত, আধুনিক প্রযুক্তি এবং বিনোদন শিল্পকে একে অপরের সাথে যুক্ত করে একটি আন্তঃসংযুক্ত শক্তিশালী জিসিসি পর্যটন বিনিয়োগ ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। এই দীর্ঘমেয়াদী কৌশল আঞ্চলিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: খালিজ টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights