উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র

অনলাইন ডেস্ক

দীর্ঘ ২৯ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৯টা থেকে তৃতীয় ইউনিট সচল করা সম্ভব হয়েছে। বর্তমানে এই ইউনিট থেকে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। তবে পর্যায়ক্রমে বিদ্যুৎ উৎপাদনের মাত্রা বাড়বে এবং ২৫০ মেগাওয়াট পর্যন্ত উন্নীত করার চেষ্টা রয়েছে।

এর আগে প্রায় ১৯ মাস বন্ধ থাকার পর চলতি বছরের ২০ মে এই তৃতীয় ইউনিটটি চালু করা হয়। তবে ৫ দিন পর ২৫ মে আবারও যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় এই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন।

উল্লেখ্য, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিট রয়েছে, যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট ১২৫ মেগাওয়াট করে মোট ২৫০ মেগাওয়াট। আর তৃতীয় ইউনিটটি ২৭৫ মেগাওয়াট। এর মধ্যে তাপ বিদ্যুৎকেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। প্রথম এবং তৃতীয় ইউনিটটি চালু থাকলেও মাঝেমধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে এই ইউনিট দুটি বন্ধ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights