উৎসবে উচ্ছ্বাসে নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের শত বর্ষপূর্তি
লক্ষ্মীপুর প্রতিনিধি:
‘শত বর্ষে শত প্রাণ, বাজুক মনে ঐকতান’ এ স্লোগান নিয়ে বর্ণাঢ্য আয়োজনে লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের শত বর্ষপূর্তি উৎসব উদযাপন করা হচ্ছে। দিনব্যাপী এ আনন্দ উৎসবের আয়োজন করেছে বিদ্যালয়টির প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা।
দিনটি উপলক্ষে শুক্রবার সকালে বিদ্যালয় মাঠ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে মিলিত হন সবাই। এসময় শিক্ষা ও কর্মজীবনের নানা গল্প নিয়ে চা কফির আড্ডায় অন্যরকম উৎসব উচ্ছাসে মেতে উঠেন প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা। পরে শত বর্ষের স্মরণিকার মোড়ক উম্মোচন, শিক্ষকদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক আকরাম হোসেন চৌধুরী, জেসি এক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, দুদকের সাবেক মহা-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও বিশ্ব ভ্রমণে বিরল ইতিহাস সৃষ্টিকারী নাজমুন নাহার সোহাগী প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও গৌরব এবং স্কুল জীবনের স্মৃতি তুলে ধরে দেশ বিদেশে অবদানের কথা জানান কেউ কেউ। আবার নতুন প্রজম্মকে মানসম্মত শিক্ষায় নিজেদের আলোকিত করে আরো ভালো করার পরামর্শ দেন প্রাক্তন শিক্ষার্থীরা।
বিশ্ব ভ্রমণে বিরল ইতিহাস সৃষ্টিকারী নাজমুন নাহার সোহাগী বলেন, এ প্রাঙ্গণ থেকে আমার পৃথিবী ভ্রমণের স্বপ্ন দেখা শুরু। আমার ভেতরের উচ্ছাস আনন্দ নিয়ে ১৭৮টি দেশ ভ্রমণ করেছি। এখানে আমার বেড়ে উঠা, এখানকার ছায়া মায়া, এখানকার পাখির কলতান, এখানকার দিঘীর জল, শিক্ষকের ভালোবাসা, বন্ধুদের সঙ্গে হুড়োহুড়ি, সব কিছুর মাঝেই বেড়ে উঠার দুরন্তপনা আজ মনে পড়ে। আজকে এখানে লাল সবুজের পতাকা নিয়ে ফিরে এসেছি আমার সেই স্মৃিতময় প্রতিষ্ঠানে শতবর্ষ উদযাপনে। পুরনো বন্ধু ও শিক্ষকদের সঙ্গে দেখা হয়ে অনেক ভালো লাগছে। তরুণ প্রজন্মকে লুকায়িত স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন এ বিশ্বজয়ী নারী।
