এই প্রথম আর্জেন্টিনা থেকে সবচেয়ে বেশি গম আমদানি
অনলাইন ডেস্ক
প্রথমবারের মতো রাশিয়া ও ইউক্রেনকে পেছনে ফেলে বাংলাদেশের গম আমদানির শীর্ষ উৎসে পরিণত হয়েছে আর্জেন্টিনা। মোট আমদানি হওয়া গমের প্রায় ৩০ শতাংশই এসেছে আর্জেন্টিনা থেকে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, গত অর্থবছরে বাংলাদেশে ৭৪ লাখ ৩৪ হাজার টন গম আমদানি হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। আগের অর্থবছরের তুলনায় গম আমদানি বেড়েছে ২৫ শতাংশ। মোট আমদানি হওয়া গমের প্রায় ৩০ শতাংশই এসেছে আর্জেন্টিনা থেকে।
একসময় বাংলাদেশের গম আমদানির প্রধান দুই উৎস ছিল রাশিয়া ও ইউক্রেন। প্রায় প্রতি অর্থবছরেই দেশ দু’টির একটি শীর্ষে থাকত। কিন্তু ২০২২ সালে দুই দেশের মধ্যে যুদ্ধের কারণে সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ায় আমদানিকারকেরা গমের বিকল্প উৎস খুঁজতে শুরু করেন। কয়েক বছরের ব্যবধানে সেই বিকল্পই এখন প্রধান উৎসে পরিণত হয়েছে।
২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের গম আমদানি চতুর্থ শীর্ষ দেশের তালিকায় ছিল আর্জেন্টিনার অবস্থান। সর্বশেষ অর্থবছরে প্রথমবার শীর্ষে উঠে এসেছে দেশটি।
এনবিআরের হিসাবে, সদ্য বিদায়ী অর্থবছরে আর্জেন্টিনা থেকে ২২ লাখ টন গম আমদানি হয়েছে। এতে ব্যয় হয়েছে ৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। মোট আমদানিতে দেশটির অংশীদারত্ব প্রায় ৩০ শতাংশ।
অন্যদিকে, রাশিয়া থেকে আমদানি কমে নেমে এসেছে ১৬ লাখ ৭৯ হাজার টনে, যা মোট আমদানির ২৩ শতাংশ। অথচ ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট গম আমদানির ৪৪ শতাংশই এসেছিল রাশিয়া থেকে।
সদ্য বিদায়ী অর্থবছরে ব্রাজিল থেকে ৪ লাখ ৭৬ হাজার টন গম আমদানি হয়েছে, যা মোট আমদানির ৬ দশমিক ৪১ শতাংশ।
