এএসআই পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, গ্রেফতার ৪
নিজস্ব প্রতিবেদক রংপুর
রংপুর জেলা ডিবি পুলিশের অভিযানে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী ও রংপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালকসহ দালাল চক্রের ৪ সদস্য গ্রেফতার করা হয়েছে।
রংপুর জেলা ডিবি পুলিশ মহানগরীর হনুমানতলা ও জাহাজ কোম্পানি মোড় এলাকায় অভিযান চালিয়ে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী ও দালাল চক্রের ৪ জন সদস্যকে গ্রেফতার করে। এ সময় পুলিশ তাদের হেফাজতে থাকা ভুয়া প্রবেশপত্র, অর্থ লেনদেনের বিভিন্ন স্ক্রিনশট, বিভিন্ন ডিভাইস জব্দ করে।
শনিবার বিকেলে গ্রেফতার ৪ জনের মধ্যে তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মো. আশরাফুল ইসলাম (২১), রংপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. বাদশা মাসউদ আলম (৪৮), দিনাজপুর বোচাগঞ্জের মো. তাজমিলুর রহমান (১৯) ও নীলফামারী সদরের মো. নুরুল ইসলাম (৪৬)। এরমধ্যে নুরুল ইসলামকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। শনিবার সন্ধ্যায় তাকে থানায় হস্তান্তর করা হয়। তাকে রবিবার আদালতে পাঠানো হবে।
পুলিশ জানায়, শুক্রবার মো. আশরাফুল ইসলামকে ১টি জাল প্রবেশপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রের ফেইস ডিটেকশন পয়েন্ট এ প্রবেশ করার সময় সন্দেহ হলে যাচাই-বাচাই করার জন্য তাকে নিয়ে পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবনে নিয়ে যাওয়া হয়।
সেখানে জিজ্ঞাসাবাদে জানা যায় যে প্রবেশপত্রটি ভুয়া এবং তার সাথে আরও ৩ জন জড়িত আছে। পরে তার তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ পলাতক ৩ জনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কোতোয়ালী মেট্রোপলিটনে একটি মামলা করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায় বলে এই ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মেট্রোপলিটন কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
ওসি নাজমুল কাদের জানান, তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে। ঢাকা থেকে গ্রেফতার নুরুল ইসলামকে সন্ধ্যায় হস্তান্তর করায় তাকে রবিবার আদালতে পাঠানো হবে।
