একদিনেই মেট্রোরেল পিলারের পোস্টার-লিফলেট অপসারণ

অনলাইন প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের নির্দেশনার পর ৭২ ঘণ্টার সময়সীমার আগেই শেওড়াপাড়া থেকে মিরপুর-১০ পর্যন্ত মেট্রোরেল পিলারে লাগানো সব পোস্টার ও লিফলেট অপসারণ করা হয়েছে।

আজ রবিবার ডিএনসিসির তত্ত্বাবধানে ছাত্রদল ও যুবদলের স্বেচ্ছাসেবক সদস্যরা এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

সকাল ১০টা থেকে মিরপুর-১০ মেট্রোরেল এলাকার পিলারগুলো থেকে পোস্টার ও লিফলেট অপসারণ শুরু করেন স্বেচ্ছাসেবকেরা। পরে ধাপে ধাপে শেওড়াপাড়া মেট্রোরেল এলাকায় গিয়ে বিকেলের মধ্যে কার্যক্রম শেষ করা হয়।

অভিযানে মেট্রোরেলের প্রতিটি পিলার ও আশপাশের এলাকা থেকে বিভিন্ন ধরনের পোস্টার, লিফলেট ও প্রচারসামগ্রী অপসারণ করা হয়। এতে মেট্রোরেলের নিচের সড়ক ও আশপাশের পরিবেশ আগের তুলনায় পরিচ্ছন্ন হয়েছে বলে জানান স্থানীয় পথচারীরা।

ডিএনসিসি সূত্রে জানা যায়, গতকাল শেওড়াপাড়া মেট্রোরেল এলাকায় সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনকালে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মেট্রোরেলের পিলার ও আশপাশে থাকা পোস্টার-লিফলেট ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights