একমত হতে পারলেন না জুরিরা, তিন সন্তান হত্যার মামলায় নাটকীয় মোড়

অনলাইন ডেস্ক

তিন সন্তানকে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে চলছিল বহুল আলোচিত বিচার। প্রায় এক সপ্তাহ ধরে আলোচনা করেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারলেন না জুরি সদস্যরা। শেষ পর্যন্ত রায় ছাড়াই শুক্রবার (৪ সেপ্টেম্বর) মামলাটিতে মিসট্রায়াল ঘোষণা করেছেন আদালত।

বিচারক উইলিয়াম সুলিভান জানান, জুরি বোর্ড লিন্ডসে ক্ল্যান্সিকে তার নিজের তিন সন্তান হত্যার অভিযোগে ফৌজদারি দায়ে দোষী সাব্যস্ত করা হবে কি না, সে বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। ফলে বিচারপ্রক্রিয়া বাতিল করে জুরিদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। আইনি ভাষায় এ ধরনের পরিস্থিতিকে ‘হাং জুরি’ বলা হয়। অর্থাৎ, জুরিরা অভিযুক্তকে দোষী কিংবা নির্দোষ- কোনো সিদ্ধান্তেই একমত হতে পারেননি। ফলে প্রসিকিউশন তাদের অভিযোগ প্রমাণ করতে পেরেছে কি না, সেটিও নির্ধারিত হয়নি।

মামলাটির পরবর্তী শুনানি হবে আগামী ২৯ সেপ্টেম্বর। সেদিন প্রসিকিউশন নতুন করে বিচার শুরুর আবেদন করবে কি না, নাকি অন্য কোনো আইনি পদক্ষেপ নেবে, সে বিষয়ে জানানো হতে পারে। ক্ল্যান্সির আইনজীবী কেভিন রেডিংটন মিসট্রায়াল এড়াতে জুরিদের কোনো একটি সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই উদ্যোগ সফল হয়নি।

৩৬ বছর বয়সী ক্ল্যান্সি সাবেক নার্স। বর্তমানে তিনি একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রে হেফাজতে রয়েছেন। শুক্রবারের মিসট্রায়ালের পরও তার বিরুদ্ধে তিনটি হত্যার অভিযোগ বহাল রয়েছে। প্রসিকিউশন চাইলে মামলাটি নতুন করে বিচারের জন্য নিতে পারে কিংবা অভিযুক্তের সঙ্গে কোনো সমঝোতার পথেও যেতে পারে।

কী ঘটেছিল ২০২৩ সালে?

২০২৩ সালে ম্যাসাচুসেটসে নিজেদের বাড়িতে তিন সন্তানকে হত্যার অভিযোগ ওঠে ক্ল্যান্সির বিরুদ্ধে। নিহত তিন শিশু হলো- ৫ বছর বয়সী কোরা, ৩ বছর বয়সী ডসন এবং ৮ মাস বয়সী ক্যালান। অভিযোগ অনুযায়ী, শিশুদের গলায় ব্যায়ামের ব্যান্ড পেঁচিয়ে হত্যা করা হয়। সন্তানদের হত্যার পর ক্ল্যান্সি নিজেকেও ছুরি দিয়ে আঘাত করেন এবং আত্মহত্যার চেষ্টা করেন। পরে বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফ দেন তিনি। ওই ঘটনায় গুরুতর আহত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হন ক্ল্যান্সি।

সন্তানদের মৃত্যুর ঘটনাটি অবশ্য অস্বীকার করেননি তিনি। তবে তিনটি ফার্স্ট-ডিগ্রি হত্যার অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন ক্ল্যান্সি। তার আইনজীবীদের মূল যুক্তি ছিল, সন্তানদের হত্যার সময় ক্ল্যান্সি গুরুতর মানসিক সমস্যার মধ্যে ছিলেন। ফলে ওই অবস্থায় সংঘটিত হত্যাকাণ্ডের জন্য তাকে ফৌজদারি দায়ে দোষী সাব্যস্ত করা উচিত নয়। এই মানসিক স্বাস্থ্য-সংক্রান্ত দাবিই মামলার বিচারপ্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছিল।

তথ্য সূত্র- বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights