একুশে পদকপ্রাপ্ত কবি মোহাম্মদ রফিক আর নেই

বাগেরহাট প্রতিনিধি

একুশে পদকপ্রাপ্ত দেশ বরেণ্য কবি মোহাম্মদ রফিক রবিবার রাত নয়টায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

রবিবার রাতে বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামীকাল সোমবার তাকে বাগেরহাটের পারিবারিক কবরস্থানের দাফন করা হবে।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের নেতা ও বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর এ তথ্য নিশ্চিত করে জানান, রবিবার সকালে তার জন্মস্থান বাগেরহাটের সদর উপজেলার বেমরতা ইউনিয়নের চিতলী- বৈটপুর গ্রামে অবস্থানকালে কবি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে বাগেরহাট জেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ও পরে বরিশালে নিয়ে যাওয়া হয়। বরিশালের একটি বেসরকারি ক্লিনিকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর শারীরিক জটিলতা ধরা পড়লে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় যেতে পরামর্শ দেন। এরপর তার স্বজনেরা সন্ধ্যায় কবিকে নিয়ে ঢাকায় রওনা দিলে পথিমধ্যে রাত নয়টার দিকে তিনি মারা যান।
কবি লেখক ও অধ্যাপক হিসেবে দেশ বরেণ্য মোহাম্মদ রফিক ষাটের দশকে ছাত্র আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও আশির দশকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাগেরহাটের চিতলী-বৈটপুর গ্রামে জন্ম নেয়া এই কবি মৃত্যুকালে দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কবি মোহাম্মদ রফিক একুশে পদক ছাড়াও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, জেমকন সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন স্বীকৃতি ও পুরস্কার পেয়েছেন। তার উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে কপিলা, খোলা কবিতা, গাওদিয়া, মানব পদাবলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights