এক ঘণ্টা দেরিতে শুরু হলো ইংল্যান্ড–মেক্সিকো ম্যাচ, নেপথ্যে যে কারণ
অনলাইন ডেস্ক
বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হলো ইংল্যান্ড ও মেক্সিকোর বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ।
সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও এক ঘণ্টা পিছিয়ে সকাল ৭টায় শুরু হয়।
দিনভর মেক্সিকো সিটিতে ভারী বৃষ্টি হয়েছে। ম্যাচের ভেন্যু আজতেকা স্টেডিয়ামের আকাশে বজ্রপাতও দেখা গেছে।
ফিফার নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইলের মধ্যে সর্বশেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট না পেরোনো পর্যন্ত খেলা শুরু করা যাবে না।
চলতি বিশ্বকাপে আবহাওয়ার কারণে মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকায় দ্বিতীয়বারের মতো ম্যাচের সময়সূচিতে পরিবর্তন এলো। এর আগে শেষ বত্রিশে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর ম্যাচও ঝড়-বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি।
এর আগে সম্ভাব্য প্রতিকূল আবহাওয়ার কথা বিবেচনা করে ম্যাচটি কয়েক ঘণ্টা এগিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছিল। তবে দুই দলের সঙ্গে পরামর্শ শেষে ফিফা মূল সূচি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছিল। শেষ পর্যন্ত আবহাওয়ার অবনতির কারণে কিকঅফ এক ঘণ্টা পিছিয়ে দিতে বাধ্য হয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
ঘরের মাঠে দুর্দান্ত ছন্দে রয়েছে মেক্সিকো। চলতি বিশ্বকাপে নিজেদের মাঠে খেলা চারটি ম্যাচেই জয় পেয়েছে তারা, পাশাপাশি কোনো গোলও হজম করেনি। এস্তাদিও আজতেকাতেও তাদের রেকর্ড ঈর্ষণীয় এই মাঠে খেলা ৮৯ ম্যাচের মধ্যে মাত্র দুইটিতে হার দেখেছে স্বাগতিকরা।
পিছিয়ে গেল মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ
