ভিনিসিয়ুস কেন পেনাল্টি নেননি, জানালেন আনচেলত্তি

অনলাইন ডেস্ক

ডি বক্সে ফাউলের শিকার মাতেউস কুনিয়া। ম্যাচের শুরুতে পেনাল্টি পেয়ে গেল ব্রাজিল। স্পটের কাছে বল নিয়ে কিছুক্ষণ আলাপ করলেন ভিনিসিয়ুস জুনিয়র ও ব্রুনো গিমারায়েস। পরে ব্রুনোর কাছে বল দিয়ে সরে এলেন ভিনিসিয়ুস!

সেই মুহূর্তটিই যেন কাল হয়ে গেল ব্রাজিলের জন্য। কারণ ভিনির কাছ থেকে বল পেয়ে পেনাল্টিতে শট করলেও, বল জালে পাঠাতে পারেননি ব্রুনো। শুরুতেই লিড নেওয়ার দারুণ সুযোগ হাতছাড়া হয় ব্রাজিলের। যা শেষ পর্যন্ত ম্যাচ হারের বড় কারণ হয়ে যায়।

নিউ জার্সি স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের। অথচ শুরুতেই এগিয়ে যেতে পারত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি পেলেও, সেটিতে গোল করতে পারেননি ব্রুনো।

ধীরে ধীরে রান-আপ নিয়ে নরওয়ের গোলকিপার অরিয়ান হাস্কিয়োল্ড নাইল্যান্ডকে বোকা বানানোর চেষ্টা করলেও সফল হননি ব্রাজিল মিডফিল্ডার। বাম দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত সেভ করে নরওয়ের জাল অক্ষত রাখেন নাইল্যান্ড।

ম্যাচ শেষে ব্রাজিলের পরাজয়ের পর স্বাভাবিকভাবেই আলোচনায় সেই পেনাল্টি। সবার মনে প্রশ্ন, কেন সুযোগ থাকতেও শট নেননি ভিনিসিয়ুস। সংবাদ সম্মেলনে এই প্রশ্নের উত্তরে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, পরিসংখ্যানে ভরসা করেছিলেন তারা।

“আমাদের ও প্রতিপক্ষ দলের গত এক বছরের পরিসংখ্যান নিয়ে বসেছিলাম আমরা। সেখানে আমাদের সেরা পেনাল্টি টেকার ছিলেন নেইমার, ইগো থিয়াগো, রাফিনিয়া। তাদের পরই ব্রুনো গিমারায়েস। আর এরপর (গ্যাব্রিয়েল) মার্টিনেল্লি।”

“তো আমরা ব্রুনো গিমারায়েসকে বেছে নিয়েছি, কারণ আমাদের মনে হয়েছে মাঠে থাকাদের মধ্যে সে-ই পেনাল্টিতে সেরা।’

ম্যাচের শুরুতে ব্রাজিল যখন পেনাল্টি পায়, তখন মাঠেই ছিলেন না নেইমার, থিয়াগো ও রাফিনিয়া। যে কারণে ব্রুনোর কাছেই চলে যায় পেনাল্টি শটের দায়িত্ব।

গত মৌসুমে নিউ ক্যাসল ইউনাইটেডের হয়ে দুই শটের দুটিতেই গোল করেন ব্রুনো। তবে তিনি দলের মূল পেনাল্টি টেকার ছিলেন না।

অন্য দিকে রিয়াল মাদ্রিদের জার্সিতে ২০২৫-২৬ মৌসুমে সাতটি পেনাল্টি শট করে পাঁচটি গোল করেন ভিনিসিয়ুস। বাকি দুটিতে জালে বল পাঠানো হয়নি তার। আর জাতীয় দলের হয়ে ২০২৩ সালে পাওয়া একমাত্র পেনাল্টিতেও গোল করেন ভিনিসিয়ুস।

তবু ভিনিসিয়ুসকে না দিয়ে ব্রুনোকে পেনাল্টি নিতে বলার কারণেই এখন যত আলোচনার ঝড়। কেননা ম্যাচের শুরুতে সফল পেনাল্টি নিতে পারলে লিড পেয়ে যেত ব্রাজিল। যা হয়তো তাদের এগিয়ে নিতে পারত জয়ের পথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights