এক টসেই নির্ধারণ সব, টাইব্রেকারে আসছে নতুন পদ্ধতি

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের নকআউট মানেই চরম উত্তেজনা, আর সেই উত্তেজনার চূড়ান্ত পরীক্ষা টাইব্রেকার। ঠিক সেই জায়গাতেই বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ফিফা। টুর্নামেন্ট চলাকালেই টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

নকআউট পর্ব শুরুর আগেই এই পরিবর্তন কার্যকর করার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। ফলে চলতি বিশ্বকাপেই নতুন নিয়ম দেখা যেতে পারে।

বর্তমান নিয়ম অনুযায়ী টাইব্রেকারের আগে দুটি আলাদা কয়েন টস হয়। প্রথম টসে নির্ধারিত হয় কোন দল আগে শট নেবে, আর দ্বিতীয় টসে ঠিক হয় কোন প্রান্তে শট নেওয়া হবে।

ফিফা এই দুই টসের পরিবর্তে একটি টস চালুর প্রস্তাব দিয়েছে। নতুন প্রস্তাবে টসে জয়ী দল দুটি সুবিধার মধ্যে একটি বেছে নিতে পারবে। তারা চাইলে আগে শট নেওয়ার সিদ্ধান্ত নিতে পারবে, অথবা নিজেদের সমর্থকদের গ্যালারির সামনে টাইব্রেকার নেওয়ার সুযোগ বেছে নিতে পারবে। বাকি সুবিধাটি যাবে প্রতিপক্ষ দলের কাছে।

বর্তমান ব্যবস্থায় সবচেয়ে বড় সমস্যা হিসেবে ধরা হয়, একটি দল দুই টসেই হারতে পারে। তখন তারা কোনো সুবিধাই পায় না। এতে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে বলে মনে করছে ফিফা।

এই কারণেই একটি টসের মাধ্যমে সুবিধা ভাগ করে দেওয়ার চিন্তা করা হচ্ছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবির সঙ্গে আলোচনা হয়েছে।

যদিও প্রস্তাবটি এখনও চূড়ান্ত হয়নি, তবে দ্রুত সিদ্ধান্ত আসার ইঙ্গিত মিলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে কয়েক দিনের মধ্যেই টাইব্রেকার পদ্ধতিতে পরিবর্তনের ঘোষণা আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights