ফিফার নতুন নিয়মে বিশ্বকাপ থেকে আগেভাগেই বিদায় ৫ দলের

অনলাইন ডেস্ক

২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ড শেষ হতে না হতেই বিদায় নিশ্চিত হয়েছে পাঁচটি দলের। এর পেছনে বড় কারণ ফিফার নতুন নিয়ম, যা বদলে দিয়েছে চেনা সমীকরণ।

দীর্ঘ সময় ধরে চলা নিয়মে পয়েন্ট সমান হলে আগে বিবেচনায় আসত গোল ব্যবধান। তবে এবার সেই নিয়ম ভেঙে সবার আগে রাখা হয়েছে হেড টু হেড ফলাফল। ফলে কাগজে কলমে সুযোগ থাকলেও বাস্তবে অনেক দলই ছিটকে গেছে আগেভাগেই।

গ্রুপ পর্বের দুই ম্যাচ শেষে বিদায় নিশ্চিত হওয়া দলগুলো হলো হাইতি, তুরস্ক, তিউনিসিয়া, জর্ডান, পানামা।

নতুন নিয়ম অনুযায়ী পয়েন্ট সমান হলে প্রথমে দেখা হবে মুখোমুখি লড়াইয়ের ফল। এরপর গোল ব্যবধান, গোলসংখ্যা, ফেয়ার প্লে রেকর্ড এবং শেষে ফিফা র‍্যাঙ্কিং বিবেচনায় আনা হবে। এই পরিবর্তনের কারণেই দ্রুত নির্ধারিত হয়েছে কয়েকটি দলের ভাগ্য।

গ্রুপ এল এ নিজেদের টিকিয়ে রাখতে ঘানার বিপক্ষে লড়েছিল পানামা। তবে ১-০ গোলে হেরে টানা দুই পরাজয়ে তাদের বিদায় নিশ্চিত হয়।

তুরস্কের বিদায় আরও হতাশাজনক। আর্দা গুলার, কেনান ইলদিজদের দল দুই ম্যাচে ৬২টি শট নিয়েও কোনো গোল করতে পারেনি। অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারার পর প্যারাগুয়ের ১০ জনের বিপক্ষেও গোল না পেয়ে বিদায় নেয় তারা।

হাইতির বিশ্বকাপ যাত্রাও থেমে গেছে দুই ম্যাচেই। ব্রাজিলের কাছে ৩-০ গোলে হারের আগে স্কটল্যান্ডের কাছেও ১-০ ব্যবধানে হেরেছিল তারা।

তিউনিসিয়া কোচ পরিবর্তন করেও ভাগ্য ফেরাতে পারেনি। জাপানের কাছে ৪-০ গোলে হেরে টানা দ্বিতীয় পরাজয়ে বিদায় নিশ্চিত হয় তাদের।

অন্যদিকে নবাগত জর্ডান লড়াই করেও শেষ রক্ষা করতে পারেনি। অস্ট্রিয়ার কাছে ৩-১ গোলে হারার পর আলজেরিয়ার বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে বিদায় নেয় দলটি।

ফিফার নতুন নিয়মে এবারের বিশ্বকাপ আরও অনিশ্চিত হয়ে উঠেছে। দুই ম্যাচের ফলেই নির্ধারিত হচ্ছে ভাগ্য, যা দলগুলোর জন্য বাড়িয়েছে চাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights