এজের দুর্দান্ত গোলে শীর্ষে ফিরল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে আর্সেনাল। এবেরেচি এজের দারুণ গোলে নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ ব্যবধানে হারিয়ে আবারও লিগ টেবিলের শীর্ষে উঠেছে মিকেল আর্তেতার দল।

শনিবার ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের নবম মিনিটেই জয়সূচক গোলটি আসে। কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে কাই হাভার্টজের পাস বক্সের বাইরে পেয়ে জোরালো শটে বল জালে পাঠান ২৭ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার।

ঘরোয়া ফুটবলে টানা চার ম্যাচ হারার পর এ জয়ে কিছুটা স্বস্তি ফিরেছে আর্সেনাল শিবিরে। এর আগে সর্বশেষ গত ১৪ মার্চ এভারটনের বিপক্ষে জয় পেয়েছিল তারা।

মাঝে লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে, এফএ কাপের কোয়ার্টার ফাইনালে সাউথ্যাম্পটনের কাছে এবং প্রিমিয়ার লিগে বোর্নমাউথ ও ম্যানচেস্টার সিটির কাছে হারে আর্সেনাল।

তবে চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্তিংয়ের বিপক্ষে জয় ও ড্র করে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি।

এই জয়ে ৩৪ ম্যাচে ২২ জয় ও ৭ ড্রয়ে আর্সেনালের পয়েন্ট দাঁড়িয়েছে ৭৩। এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি।

অন্যদিকে ৩৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে নিউক্যাসল ইউনাইটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights