‘এটা কি বিজয়, নাকি পরাজয়ের স্বীকারোক্তি?’ যুক্তরাষ্ট্রকে ইরানের উপ-পররাষ্ট্রম

অনলাইন ডেস্ক

ইরানের সামরিক ও পরমাণু সক্ষমতা ধ্বংসের মার্কিন দাবিকে উপহাস করেছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কথিত ‘ইতিহাসের বৃহত্তম আর্থিক অভিযান’ চালুর প্রস্তুতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গরিবাবাদি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের ইরানবিরোধী হুমকির সমালোচনা করেন। তিনি বলেন, ইরানের সামরিক ও পরমাণু সক্ষমতা ধ্বংস হয়ে থাকলে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে কেন এত বড় অর্থনৈতিক অভিযান চালাতে হচ্ছে—এ প্রশ্নের উত্তর ওয়াশিংটনের বক্তব্যে নেই।

গরিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্র একদিকে দাবি করছে ইরানের সামরিক সক্ষমতা ‘ধ্বংস’ করা হয়েছে, দেশটির ১০০ শতাংশ সামরিক কারখানা ‘ধ্বংস’ হয়েছে এবং পরমাণু কর্মসূচি ‘সমাধিস্থ’ করা হয়েছে। অন্যদিকে একই ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের বৃহত্তম আর্থিক অভিযান’ চালাতে যুক্তরাষ্ট্রের সব প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষকে কাজে লাগানোর কথা বলা হচ্ছে।

তিনি প্রশ্ন করেন, এটি কি যুক্তরাষ্ট্রের বিজয়, নাকি মার্কিন পরাজয়ের স্বীকারোক্তি?

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্যের আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, ইরানকে নজিরবিহীনভাবে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার একটি অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান চালানোর কথা বলেছেন। বেসেন্টের দাবি, ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে অন্যান্য দেশগুলোর ওপর চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্র তার ‘পূর্ণ শক্তি’ ব্যবহার করবে। সূত্র: তাসনিম নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights